বেদনাবিধুর পরিবেশে ফারাজের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের কুলখানিতে উপস্থিত ব্যক্তিদের মোনাজাত। রাজধানীর গুলশানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসভবন থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের কুলখানিতে উপস্থিত ব্যক্তিদের মোনাজাত। রাজধানীর গুলশানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসভবন থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

পরিবেশটাই ছিল বেদনাবিধুর। হাসিখুশি, প্রাণপ্রাচুর্যে ভরপুর মাত্র ২০ বছরের ছেলেটি ঘর থেকে কফি খেতে বেরিয়ে গিয়ে যদি আর না ফেরেন, তাহলে সেই বাড়ির শোকে মুহ্যমান হয়ে পড়াই স্বাভাবিক। ফারাজ আইয়াজ হোসেনের কুলখানিতে তাঁর না থাকার বেদনা গভীরভাবে হৃদয় স্পর্শ করে গিয়েছিল তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আসা আত্মীয়স্বজন, সুহৃদ, শুভানুধ্যায়ী—সবার।
গতকাল রোববার বাদ আসর গুলশানের বাসভবনে ফারাজের কুলখানির আয়োজন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় প্রাণ হারান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান ও শাহনাজ রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছোট ছেলে ফারাজ আইয়াজ হোসেন। তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৫ এপ্রিল। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন তিনি। গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন ফারাজ। আগামী ২২ আগস্ট তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সময় জঙ্গিরা ফারাজকে চলে যেতে বলে। কিন্তু সেখানে তাঁর বন্ধু অবিন্তা কবীর ও তারিশি জৈনকে রেখে আসতে রাজি হননি ফারাজ। পরে জঙ্গিরা তাঁদের তিনজনকেই নির্মমভাবে হত্যা করে।

গতকাল বিকেল চারটা থেকেই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, রাজনীতিক, ব্যবসায়ী, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্টজনেরা কুলখানিতে অংশ নেন। অকালপ্রয়াত এই তরুণের বিয়োগব্যথায় সবাই ছিলেন বিষণ্ন। পবিত্র কোরআন তিলাওয়াত চলছিল। সব মিলিয়েই পরিবেশ হয়ে ওঠে বিষাদময়।

মিলাদ মাহফিলের শুরুতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে নারিন্দার পীরসাহেব শাহ সৈয়দ মুরাদুল্লাহ আহমেদ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বন্ধুত্বের মর্যাদার দিকটি তুলে ধরেন। তিনি বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। এই অতি অল্পবয়সী তরুণ ফারাজ বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন রেখে গেলেন। তাঁর মৃত্যু শহীদের সমপর্যায়ের।

পরে ফারাজের নানা লতিফুর রহমান ও বড় ভাই যারেফ আয়াত হোসেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

যারেফ আয়াত হোসেন ছোট ভাইয়ের স্মৃতিচারণা করে তাঁর সাহসিকতা ও মহৎ মানবিক গুণাবলির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তাঁদের মা সব সময়ই তাঁদের ভালো মানুষ হতে অনুপ্রেরণা দিয়েছেন। ফারাজ নেই। কিন্তু সে বন্ধুত্বের জন্য, মানবিক মহিমার যে দৃষ্টান্ত রেখেছে, সেদিকেই আজ সারা পৃথিবী তাকিয়ে আছে।

প্রিয় নাতির সম্পর্কে বলতে গিয়ে লতিফুর রহমানের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে পড়ে। তিনি অশ্রু সংবরণ করে বলেন, ‘সে ছিল বুদ্ধিদীপ্ত, সাহসী, সব দিক থেকেই ভালো ছেলে।’ তিনি বলেন, ‘বন্ধুত্বের জন্য তার মহৎ মানবিক মূল্যবোধের যে পরিচয় আমরা পেয়েছি, এই প্রচণ্ড শোকের মধ্যে সেটিই আমাদের সান্ত্বনা। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে। সেই বাস্তবতাকে গ্রহণ করতে হয়।’

কুলখানিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; ড. কামাল হোসেন, রফিক-উল হক, মতিউল ইসলাম, সাইদুজ্জামান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সৈয়দ মঞ্জুর এলাহী, রোকিয়া আফজাল রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, তপন চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, তানভীর আহমেদ, মোকাম্মেল হক, আবদুল মুয়ীদ চৌধুরী, সমশের মবিন চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী ও গোলাম সারওয়ার; ব্যবসায়ীদের মধ্যে মাহবুবুর রহমান, সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, আবদুল আউয়াল মিন্টু, আফতাব উল ইসলাম, মাহবুব জামিল, নাসিম মঞ্জুর, আরিফ দৌলা, রূপালী চৌধুরী, আহসান খান ও সালমান করিম; কাজী নাবিল আহমেদ; ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা; বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে সৈয়দ মাহবুবুর রহমান, সোহেল আহমেদ চৌধুরী, রাশেদ মাকসুদ, আবরার এ আহমেদ ও হালিম এ চৌধুরী; হামিদা হোসেন, নীলুফার মঞ্জুর, পারভীন মাহমুদ, আসমা আব্বাসী, মালেকা বেগম, খুশী কবির ও শিরীন হক; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে পরম করুণাময় আল্লাহর কাছে এই অকালপ্রয়াত তরুণের বেহেশত নসিবের প্রার্থনা করে মোনাজাত করা হয়।

ফারাজের স্মরণে গতকাল ঢাকার বাইরে ২৮টি জেলায় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের তিনটি প্ল্যান্টে (মিরপুর, রূপগঞ্জ ও টঙ্গী) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অারও পড়ুন :-