বেধড়ক পেটানোর পর গৃহবধূর চুল কেটে দিলেন শ্বশুর-শাশুড়ি!
চরিত্রহীনার অভিযোগ এনে শ্বশুর, শাশুড়ি ও তিন দেবর মিলে বেধড়ক পিটিয়েছেন এক গৃহবধূকে। পরে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার গ্রামের। গত রোববার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে, উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামের ওই গৃহবধূ তাঁর দুই ছেলে ও এক মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্বামী থাকেন মধ্যপ্রাচ্যে। কিছুদিন আগে শ্বশুর তাঁকে কুপ্রস্তাব দেন। এতে গৃহবধূ রাজি না হলে তাঁর শ্বশুর নানাভাবে তাঁকে নির্যাতন করা শুরু করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূ গতকাল সোমবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শনিবার গভীর রাতে শ্বশুর ঘরে ঢুকে তাঁকে সম্ভ্রমহানির চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে শ্বশুর দৌড়ে পালিয়ে যান। বিষয়টি ধামাচাপা দিতে শ্বশুর (৫৫), তাঁর দ্বিতীয় স্ত্রী (৪০) ও তাঁদের তিন ছেলে পরদিন সকালে তাঁকে চরিত্রহীন আখ্যা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন। তাঁরা তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নেন। পরে চাচাশ্বশুরসহ অন্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় গতকাল দুপুরে গৃহবধূ কমলগঞ্জ থানায় মামলা করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।জানতে চাইলে গৃহবধূর এক দেবর (২০) প্রথম আলোকে বলেন, ‘ওই নারী তাঁর সৎভাইয়ের স্ত্রী। সৎভাইয়ের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে সালিস বৈঠকও হয়েছে। দুই চাচার পরামর্শে ভাবি তাঁর বাবাকে চড় মেরেছেন। তখন বাধ্য হয়ে তাঁর বাবা দু-একটি চড় মারেন। বাকি সব অভিযোগ মিথ্যা।’