বেনাপাল বন্দরে আমদানি-রপ্তানি সাত ঘণ্টা বন্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট সড়ক থেকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় উচ্ছেদ করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আমদানি-রপ্তানি প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা গত বুধবার রাতে ওই কার্যালয় উচ্ছেদ করেন। প্রতিবাদে গতকাল সকাল নয়টা থেকে বেনাপোল বন্দর ও কাস্টমস কর্মকর্তারা আমদানি-রপ্তানির পণ্য ঢোকার দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় বিকেল চারটা ২০ মিনিটে কার্যক্রম শুরু হয়।
বন্দর ও বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, বেনাপোল চেকপোস্ট সড়কের ওপর পণ্যের চালানের মেনুফেস্ট (কাগজপত্র যাচাই-বাছাই) ও কার পাস (ভারতীয় ট্রাক, চালক ও সহকারীর এ দেশে আসার অনুমতিপত্র) লিপিবদ্ধ করার জন্য বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের কার্গো শাখার দুটি অস্থায়ী টংঘর রয়েছে। সড়ক থেকে ঘর দুটি সরিয়ে পাশে স্থায়ীভাবে নির্মাণের জন্য বিজিবি থেকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেনাপোল পৌরসভার তত্ত্বাবধানে এর নির্মাণকাজের রূপরেখাও তৈরি করা হয়েছে। গত ২৬ জুলাই ২৬ বিজিবি অধিনায়ক ঘর দুটি সরিয়ে নেওয়ার জন্য কাস্টমস কমিশনারের কাছে মুঠোফোনে অনুরোধ করেন। তবে ঈদের ছুটিতে বিজিবির সদস্যরা স্থাপনাগুলো সরিয়ে দেন।
গতকাল সকাল পৌনে আটটার দিকে বন্দর ও কাস্টম কর্মকর্তারা আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে গিয়ে দেখেন, তাঁদের বসার ঘর দুটি নেই। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তাঁরা আমদানি-রপ্তানির দুই ফটকে তালা দিয়ে ধর্মঘট আহ্বান করেন।