বেনাপোল-পেট্রাপোল পরিদর্শনে হাইকমিশনার মোয়াজ্জেম আলী
বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা যাচাইয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
গতকাল শুক্রবার দুপুরে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দর, শুল্ক বিভাগ ও তল্লাশিচৌকি পরিদর্শন করেন মোয়াজ্জেম আলী। এ সময় তিনি পাসপোর্টধারী যাত্রী ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রথমে তিনি বাংলাদেশ-ভারত সমন্বিত চেকপোস্টের পেট্রাপোল অংশে আসেন। সেখানে পেট্রাপোল বন্দর ও কাস্টমস ইমিগ্রেশন পরিদর্শন শেষে বেনাপোল অংশে আসেন। এ সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধার কথা শোনেন যাত্রীদের কাছ থেকে। পরে ইমিগ্রেশন ও কাস্টমসের বিভিন্ন কার্যালয় ঘুরে দেখেন। ভারতগামী বাংলাদেশি যাত্রীরা হাইকমিশনারের কাছে অভিযোগ করেন, তাঁরা সকাল ছয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চেকপোস্ট নো-ম্যানস-ল্যান্ডে দাঁড়িয়ে আছেন। সাড়ে সাত ঘণ্টায়ও তাঁরা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পেট্রাপোল ইমিগ্রেশনের কর্মকর্তারা ধীরগতিতে পাসপোর্টের কাজ করেন। তাই খুব দুর্ভোগে পড়তে হয়।
এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকত আলী, পৌর মেয়র আশরাফুল আলম, কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার মারুফুর রহমান, নীতিশ বিশ্বাস, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।
পরে হাইকমিশনার বেনাপোল কাস্টম হাউস অডিটরিয়ামে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আজ শনিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ভবনের নির্মাণকাজ দেখবেন এবং বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন।