বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে ওয়াচ টাওয়ার ও থার্মাল স্ক্যানার (দেহের উত্তাপ মাপার যন্ত্র) বসানো হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের শার্শার পুটখালী সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণে সরকার আন্তরিক। আমরাও আন্তরিক।’ এতে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালান বন্ধ হবে বলেও তিনি জানান।
পরে বিজিবির মহাপরিচালক বেনাপোল, পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া এবং সাদিপুর সীমান্ত এলাকা ঘুরে দেখেন।
সীমান্ত পরিদর্শনে বিজিবির আঞ্চলিক কমান্ডার ওহিদুজ্জামান, বিজিবির সেক্টর কমান্ডার ইকবাল হোসেন, বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক খবির উদ্দিন, বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।