বেনাপোলে স্থলবন্দরের শেডে, গাজীপুরে যমুনার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে থাকা সব পণ্য পুড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল নয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো
বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে থাকা সব পণ্য পুড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল নয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো

যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি শেডে গতকাল রোববার ভোরে আগুন লেগে সব পণ্য পুড়ে গেছে। এ ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় একটি এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
একই সময়ে গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের যমুনা স্পিনিং মিল ও ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট কারখানা ও গুদামে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ছয়জন আহত হন। এ ঘটনা তদন্তেও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের ২৩ নম্বর শেডে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন শেডে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের বেনাপোল ইউনিটে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও আগুন ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। পরে যশোর, খুলনা, ঝিকরগাছা, মনিরামপুর ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই শেডে থাকা সব পণ্য পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিকেলে স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘শেডে কী পরিমাণ পণ্য ছিল তা এখনই বলা যাচ্ছে না। তবে শেডটির ধারণক্ষমতা ছিল ১ হাজার ২৫০ মেট্রিক টন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
শেডে কী পরিমাণ পণ্য ছিল এবং এসব পণ্যের ঘোষিত মূল্য কত, তা যাচাইয়ে বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদকে প্রধান করে ছয় সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শেডের ভেতরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
কাস্টম হাউস সূত্র বলেছে, ওই শেডে ভারতীয় গোদরেজ কোম্পানির জীবাণুনাশক, ঢাকার হোটেল রূপসী বাংলার আধুনিকায়নের পণ্যসামগ্রী, বিভিন্ন রাসায়নিক, কাপড়, তুলা ও প্রসাধনসামগ্রীই বেশি ছিল।
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ওই শেডে তিল পরিমাণ জায়গা ছিল না। ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য ছিল সেখানে। পণ্য রাখার কোনো নীতিমালাই মানা হয়নি। ১৯৯৬ সালেও একবার ওই শেডে আগুন লেগেছিল।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট ও স্পিনিং কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট ও স্পিনিং কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো


যমুনার কারখানায় আগুন: কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র বলেছে, কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত যমুনা ডেনিম রিসাইক্লিং প্ল্যান্টে ভোর সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্তৃপক্ষ। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ফিনিশিং, নিটিং সেকশন এবং তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে আগুন। কারখানার ইস্পাতের ছাদ ধসে পড়ে। পরে কালিয়াকৈর, গাজীপুর, শ্রীপুর, টঙ্গী, সাভার, ডিইপিজেড, ধামরাই, টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, আগুন নেভাতে গিয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাসির উদ্দিন ও কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর শিল্পপুলিশের সুপার শোয়েব আহমেদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থলে যান।
যমুনা ডেনিম রিসাইক্লিং প্ল্যান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বলেন, রাতে ডেনিম রিসাইক্লিং প্ল্যান্টে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। এ ছাড়া ফিনিশিং ও নিটিং সেকশনে কাজ করছিলেন আরও ৮৫ জন শ্রমিক। তিনি বলেন, ডেনিম রিসাইক্লিং প্ল্যান্টের ডিউটি কর্মকর্তা জানিয়েছেন, কাজ শেষে রিসাইক্লিং মেশিন পরিষ্কারের সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে ফিনিশিং ও কাটিং সেকশন এবং তুলা ও সুতার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড তাপে কারখানার ওপরে থাকা ইস্পাতের ছাদ ধসে পড়ে।
ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক জহুরুল আমিন মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।