বেনাপোলে সংঘর্ষ, পণ্য ওঠানো-নামানো বন্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে নিতে গতকাল বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। বন্দরের ২৬টি গুদামে পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে। এ কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে৷
বন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বেনাপোল পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আলী লোকজন নিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে নিতে যান। এ সময় কার্যালয়ের সামনে মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এতে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন পালিয়ে যান। রাশেদের লোকজন কার্যালয় দখলে নেন। মাস খানেক আগে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামানের নেতৃত্বে শ্রমিকদের একাংশ ওই কার্যালয় দখলে নিয়েছিল।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, সংঘর্ষের সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বন্দর সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর থেকে বন্দরের ২৬টির শেডের (গুদাম) পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রয়েছে।