বেনাপোল ও আখাউড়ায় দুই বাংলার মানুষের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) বাংলাদেশ ও ভারতের মানুষ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে। তারা ভাষাশহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় উভয় সীমান্তে বাংলাভাষী হাজারো মানুষের মিলনমেলা বসেছিল। আমাদের যশোর অফিস ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির পাঠানো খবর:যশোর: বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই বাংলার অসংখ্য মানুষ বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে গতকাল সকালে পুষ্পস্তবক অর্পণ করে। এ উপলক্ষে বেনাপোল ও সীমান্তের ওপারে পেট্রাপোলে দুটি মঞ্চ নির্মাণ করা হয়। ভারতের একটি প্রতিনিধিদল বেনাপোলের মঞ্চে এসে সংহতি জানিয়ে বক্তব্য দেয়। পরে বাংলাদেশের একটি দল পেট্রাপোলের মঞ্চে গিয়ে ভারতীয় বাংলাভাষীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে। উভয় মঞ্চেই আলোচনা শেষে একুশের কবিতা, ছড়া, গীতিনাট্য ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ত্রাণ ও উদ্বাস্তুমন্ত্রী মনজুল কৃষ্ণ ঠাকুর প্রমুখ। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সকালে নো ম্যানস ল্যান্ডের অস্থায়ী শহীদ মিনারে দুই দেশের বাংলাভাষী মানুষ ফুলেল শ্রদ্ধা জানায়। ভারতের ত্রিপুরা রাজ্যের শিশুশিল্পীরা নেচে স্বাগত জানায় বাংলাদেশি অতিথিদের। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী অনিল সরকার, বিধায়ক পবিত্র কর এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ। এ অনুষ্ঠান থেকে অসাম্প্রদায়িক বিশ্ব গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হয়।