বেনাপোল ও মেহেরপুর সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার একুশে ফেব্রুয়ারি যশোরের বেনাপোল ও মেহেরপুর সীমান্তে বসেছিল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষের মিলনমেলা। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর।যশোর: দুই বাংলার মানুষ সীমান্তের নো-ম্যানস-ল্যান্ডের অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোলে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের কাছ থেকে পাস নিয়ে পশ্চিমবঙ্গের ১০০ জন অতিথি বেনাপোলে এবং বাংলাদেশের ১০০ জন পেট্রাপোলে মহান একুশের অনুষ্ঠানে যোগ দেন।বেনাপোলে আয়োজিত আলোচনা সভায় ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী আবদুস সাত্তার বলেন, ‘দুই বাংলার ভাষা এক, সংস্কৃতি এক। অথচ কাঁটাতারের বেড়া আমাদের পৃথক করে রেখেছে। এই দিনটিতে নাড়ির টানে আমরা বাংলার মাটিতে ছুটে আসি।’ তিনি আরও বলেন, একুশ যেমন দুঃখের, তেমনি গর্বের। কারণ, বিশ্বে একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য জীবন উৎ সর্গ করেছে।যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দীন বলেন, ‘বয়সের কারণে অনেক ভাষাসৈনিক আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন। তাঁদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।’ভারতের লোকসভার সাবেক সদস্য অমিতাভ নন্দী বলেন, দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও গভীর করতে দুই দেশে অবাধ যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য পাসপোর্ট-ভিসা-পদ্ধতি তুলে দেওয়ার জন্য তিনি দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ, বেনাপোলের আহ্বায়ক আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব বাদশা মৈত্র প্রমুখ।দুপুর ১২টার দিকে ভারতের পেট্রাপোলের মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের গঙ্গা, পদ্মা ভাষা মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক দুলাল বাবু। বাংলাদেশের পক্ষে পেট্রাপোলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ শেখ আফিল উদ্দীন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের মন্ত্রী আবদুস সাত্তার, লোকসভার সাবেক সদস্য অমিতাভ নন্দী, অভিনেত্রী ও চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, অভিনেত্রী মোহিনী বিশ্বাস প্রমুখ।মেহেরপুর: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গতকাল দুই বাংলার বাংলাভাষী শত শত মানুষ মেহেরপুরের মুজিবনগর সীমান্ত ও ভারতের নদীয়া জেলার হূদয়পুর সীমান্তের মধ্যকার জিরো পয়েন্টে একত্র হন।সেখানে আয়োজিত আলোচনা সভায় ভারতের নদীয়া জেলা পরিষদের সভাধিপতি মেঘলাল ঘোষ বলেন, ‘আমাদের হূদয়ের, মননের ও ভালোবাসার ভাষা এক। আমাদের মুখের ভাষা বাংলা। আজ এই বাংলা ভাষার টানেই আমরা এখানে উপস্থিত হয়েছি। মনেই হচ্ছে না, আমরা দুই দেশের নাগরিক।’আলোচনা সভায় মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘দুই বাংলার বাংলা ভাষাভাষী মানুষের আজকের এই উপস্থিতি প্রমাণ করে, সীমান্তের কাঁটাতারের বেড়া কোনো ভালোবাসাকে আটকে রাখতে পারে না।’অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেঞ্জামিন হেমব্রম, পুলিশ সুপার মো. শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কবি, সাহিত্যিক এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। অন্যদিকে ভারতের পক্ষে নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) সঞ্জয় বনশাল, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি মেঘলাল ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্যসভার বিধায়ক শামসুর আলম মোল্লা, বিএসএফের ৪২ ব্যাটালিয়ন কমান্ডার এ এইচ রিজভী এবং ভারতের টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিকসহ ১৫০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।