বেনাপোল-পেট্রাপোল সড়ক চালু না হওয়ায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল-পেট্রাপোল সংযোগ সড়ক চালুর প্রক্রিয়া আটকে গেছে। একটিমাত্র প্রবেশদ্বার দিয়ে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী গমন-বহির্গমনের কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে যানজট-জনজট প্রকট আকার ধারণ করেছে।বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, সংযোগ সড়ক চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গত বছরের ২৯ নভেম্বর বন্দর পরিচালকের দপ্তর থেকে ভারতের পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউজিং করপোরেশনের ব্যবস্থাপক অলোক মুখোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির সঙ্গে পাঠানো হয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টম হাউস ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের অনুমতিপত্র।চিঠিতে বলা হয়, বাইপাস সড়ক চালুর জন্য বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে বেনাপোল রেললাইনের দক্ষিণে সংযোগ সড়কের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। তাই ভারতীয় অংশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে সড়কটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ সড়ক চালু হলে বাংলাদেশে আমদানি করা ভারতীয় পণ্যবাহী ট্রাক এ পথ দিয়ে বেনাপোলে ঢোকানো হবে। এতে বেনাপোল চেকপোস্ট (বর্তমান তল্লাশি চৌকি) সড়কে পণ্যবাহী ট্রাকের চাপ কমবে। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বাড়বে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, সংযোগ সড়কটি খুলে দেওয়ার জন্য লিখিত চিঠি দেওয়ার পরও অলোক মুখোপাধ্যায়ের কাছে দুবার মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে নতুন সংযোগ সড়ক স্থাপনের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। বিষয়টি তিনি ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল চেকপোস্ট সড়ক দিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। এসব পণ্য খালাস করে খালি ট্রাকগুলো ফিরে যায়। একই পথে বাংলাদেশ থেকে দেড় শতাধিক ট্রাক রপ্তানিপণ্য নিয়ে ভারতে যায়। এ ছাড়া দুই থেকে আড়াই হাজার পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে। আর বন্দরে কর্মরত দুই-আড়াই হাজার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ব্যবহূত যানবাহনের কারণে ওই সড়কে যানজট-জনজট লেগেই থাকে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আমদানিপণ্য-বোঝাই ট্রাক যখন বেনাপোলে ঢোকে তখন রপ্তানিপণ্যের ট্রাকগুলো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে। আবার এর মধ্যে ঢোকানো হয় পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়া খালি ট্রাক। কে আগে চেকপোস্ট অতিক্রম করতে পারে, তা নিয়ে প্রতিযোগিতাও চলে চালকদের মধ্যে। এতে ট্রাকগুলো মুখোমুখি আটকে গিয়ে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়।বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট মতিয়ার রহমান বলেন, ট্রাক পারাপারের অপেক্ষায় থেকে অনেক সময় সন্ধ্যা পেরিয়ে যায়। এ সময় বন্দরের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। এতে বেড়ে যায় পরিবহনখরচ।সংযোগ সড়ক নির্মাণের ব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যশোর-বেনাপোল সড়কের ছোট আঁচড়া থেকে বন্দর পর্যন্ত চার কিলোমিটার উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন বাইপাস সড়ক নির্মাণের জন্য চার কোটি টাকা প্রয়োজন। দুই কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে যশোর-বেনাপোল সংযুক্ত বাইপাস সড়ক প্রকল্প ও সংস্কার খাতের টাকা দিয়ে সংযোগ সড়কে মাটি ফেলার কাজ শেষ করা হয়েছে। সড়কটি চালুর পর একমুখী (ওয়ানওয়ে) চলাচলের ব্যবস্থা করা হলে বন্দরের যানজট কমবে।