বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব বিভাগের অনলাইন সফটওয়্যার হালনাগাদ করতে গত শুক্রবার রাত থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর। এতে সীমান্ত এলাকায় দুই দেশের ভেতরে পণ্য নিয়ে থেমে আছে কয়েক হাজার ট্রাক। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘রাজস্ব বিভাগের কম্পিউটারে সফটওয়্যার হালনাগাদের কাজ চলছে। এ কারণে শুক্রবার রাত ১২টা থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে। আজ (গতকাল) শনিবার রাত ১২টা পর্যন্ত এ হালনাগাদ চলবে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে। কাল (আজ) রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করি।’
বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল বন্দরে পণ্য নিয়ে অসংখ্য ট্রাক থেমে আছে। অন্যদিকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আমদানি পণ্য নিয়ে ভারতের ভেতরে পেট্রাপোল বন্দরে থেমে আছে কয়েক হাজার ট্রাক।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।