বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সচল রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের একাংশের ডাকা ধর্মঘটের কারণে আমদানি কর্মকাণ্ডে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যে কারণে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় পেট্রাপোলে আমদানি পণ্যবোঝাই কয়েক শ ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘ভারতের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শনিবার সকাল থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ (শনিবার) ৯৯ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।’
বেনাপোল বন্দর ব্যবহারকারী কয়েকজন বলেন, ‘দাবি আদায়ে যেকোনো কর্মসূচি ব্যবসায়ীরা ডাকতে পারেন। কিন্তু বিষয়টি যদি আগে থেকে আমাদের জানানো হতো, তাহলে আমদানি স্থগিত করা হতো। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতি কম হতো।’ আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল দুই বন্দরে ঢোকার অপেক্ষায় আটকা রয়েছে পণ্যবাহী হাজার খানেক ট্রাক। এর মধ্যে মেশিনারি, গার্মেন্টস সামগ্রীর কাঁচামালের পাশাপাশি মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না করলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।