বেনাপোল বন্দরে শ্রমিকদের সংঘর্ষ পণ্য ওঠানো-নামানো বন্ধ
বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে গতকাল রোববার দুপুরে সংঘর্ষ হয়েছে। এ কারণে দুপুর ১২টা থেকে বন্দরের ১৭টি শেডে (গুদাম) পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের সময় শ্রমিকদের একাংশ হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান খালিদ অ্যান্ড ব্রাদার্সের কার্যালয়ে হামলা চালায়। এ সময় সেখানে থাকা আটটি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও আসবাব আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়। তবে ইউনিয়নের আগের কমিটিও বহাল থাকে। গতকাল সকাল ১০টার দিকে নতুন কমিটির সভাপতি সবুর আলীর নেতৃত্বে শ্রমিকদের একাংশ বন্দরের ২ নম্বর ফটকের সামনে ইউনিয়নের কার্যালয় দখল করতে যায়। এ সময় আগের কমিটির লোকজন তাদের বাধা দেয়। তখন চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে আগের কমিটির লোকজনের বাধার মুখে তারা বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান খালিদ অ্যান্ড ব্রাদার্সের কার্যালয়ে ফিরে আসে।
খবর পেয়ে বন্দরের আগের কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে শ্রমিকদের অপর অংশ ওই কার্যালয়ে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনার পর দুপুর ১২টার দিকে বন্দরের ১৭টি শেডে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।