যশোরের শার্শা উপজেলার আমড়াখালী সেতুর ঢালাই ভেঙে দুর্বৃত্তরা ৯০০ টেলিফোন সংযোগের ভূগর্ভস্থ তার চুরি করে নিয়ে গেছে। গত ১৬ ডিসেম্বর রাতে এ কেব্ল চুরি হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৯০০ টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শার্শার বিটিসিএল কার্যালয় সূত্রে জানা গেছে, তার চুরির ১০ দিন আগে দুর্বৃত্তরা আমড়াখালী সেতুর ঢালাই ভেঙে ৯০০ টেলিফোনের তার কেটে দিয়েছিল। যশোরের কয়েকজন প্রকৌশলী সাত দিন পরিশ্রম করে টেলিফোনের সেই বিচ্ছিন্ন সংযোগ মেরামত করেন। মেরামতের দুই দিন পর গত ১৬ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা আবার সেই সেতুর বিভিন্ন অংশের ঢালাই কেটে ৯০০ জোড়া (পেয়ার) তারের ১৬ ফুট ও ২০০ জোড়া তারের ১২৯ ফুট অংশ চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া আরও ৮৬ ফুট তার নষ্ট করা হয়েছে। এ ব্যাপারে বিটিসিএলের যশোরের শার্শা উপজেলার উপসহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তরা একই এলাকা থেকে তিনবার টেলিফোনের ভূগর্ভস্থ তার চুরি করে নিয়ে গেছে। ১৫ দিনের ব্যবধানে দুইবার তার কাটা হলো। গত ৭ ডিসেম্বর দ্বিতীয়বার চুরির সময় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ১৬ ডিসেম্বর রাতে সেই জায়গা থেকে আবার অন্তত আড়াই লাখ টাকার কেব্ল চুরি হয়েছে। কোনো নাশকতা সৃষ্টির জন্য বারবার এমনটি করা হচ্ছে কি না, বিষয়টি খতিয়ে দেখার জন্য ১৭ ডিসেম্বর থানায় আরেকটি জিডি করা হয়েছে। বিষয়টি বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককেও জানানো হয়েছে।’ বেনাপোল বন্দরের কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, ‘এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড), সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট, আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দাপ্তরিক যোগাযোগের জন্য বিটিসিএলের টেলিফোন লাইনের ওপর নির্ভর করতে হয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে টেলিফোন আলাপের পাশাপাশি প্রতিদিন ৫০ থেকে ৬০টি ফ্যাক্সবার্তা আদান-প্রদান করতে হয়। সংযোগ না থাকায় যোগাযোগের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে।’ এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) আমড়াখালী চেকপোস্টের ১০ গজ দূরে সেতুর ঢালাই ভেঙে রাতে চোরেরা টেলিফোনের তার চুরি করে নিয়ে যাচ্ছে। ঢালাই ভাঙতে অনেক সময় লাগে। বিষয়টি আগে বিডিআর জওয়ানদের নজরে আসার কথা। বিষয়টি বিডিআর কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি। তাঁরা বলেছেন, রাতে তাঁরা ঘুমিয়ে থাকেন। তাই তাঁরা বিষয়টি জানতে পারেননি।’