পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সরকার বেনাপোল স্থলবন্দরকে আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী তল্লাশি চৌকি, শুল্ক ভবন, পর্যটন মোটেলসহ বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূরুল আমিন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান, পুলিশ সুপার দিদার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, বেনাপোল কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার, যুগ্ম কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. গোলাম মোস্তফা প্রমুখ।এ সময় বন্দরের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হয়। দীপু মনি সমস্যা সমাধানের জন্য লিখিত প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এতে আন্তর্জাতিক কোনো বাধা নেই।’ এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান।