বেনাপোল শূন্যরেখায় দুই বাংলার মিলনমেলা

মাতৃভাষার টানে দুই বাংলার মানুষ এক মঞ্চে উঠে গাইলেন বাংলা ভাষার জয়গান। বাংলাদেশ-ভারত সীমান্তে যশোরের বেনাপোল শূন্যরেখায় আজ বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসেছিল এ মিলনমেলা। দুই বাংলা মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দেশের শূন্যরেখায় গাছের বাকল ও দড়ি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হ’ স্লোগানে আজ সকাল সাড়ে ১০টায় শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব-২১ অস্থায়ী মঞ্চে যৌথভাবে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এপার বাংলার নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায় এবং ওপার বাংলার শিল্পী ইমন চক্রবর্তী, ঋষি, পটুয়া শিল্পী সুশান্ত সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেনাপোল পৌর মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, লোকসভার সংসদ সদস্য মমতা ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঁঢ্য, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি রেহেনা খাতুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার প্রমুখ।
‘বাংলাদেশের রক্ত যাবে ভারতে, ভারতের রক্ত আসবে বাংলাদেশে’—এমন বার্তায় আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি।