বেনাপোল সীমান্তে দুই বিএসএফ সদস্যকে আটক, পরে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) দৌলতপুর ক্যাম্প কমান্ডার আজিজুর রহমান জানান, গতকাল সকালে কয়েকজন চোরাচালানি ভারত থেকে সাইকেলের চেইন, বিয়ারিং ও মোটরগাড়ির যন্ত্রাংশ নিয়ে নৌকাযোগে ইছামতী নদী পার হয়ে বাংলাদেশে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফের সদস্য এম কে রাভিত (৪০) ও বিজয় সিংহ (৪২) চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবির জওয়ানেরা তাঁদের আটক করেন। এ ছাড়া চোরাচালানিদের ফেলে যাওয়া ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরে কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।