বেনাপোল সীমান্তে শুরু হলো যৌথ বিরতি কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি ও বিএসএফের যৌথ কুচকাওয়াজ। বেনাপোল-পেট্রাপোল সীমান্তে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘বর্ডার রিট্রিট সেরিমনি’ বা যৌথ বিরতি অনুষ্ঠান। এখন থেকে প্রতিদিন সূর্যাস্তের সময় এই সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী দিনের কাজ শেষ করে পরস্পরের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে ষ ছবি: এহসান-উদ-দৌলা
বিজিবি ও বিএসএফের যৌথ কুচকাওয়াজ। বেনাপোল-পেট্রাপোল সীমান্তে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘বর্ডার রিট্রিট সেরিমনি’ বা যৌথ বিরতি অনুষ্ঠান। এখন থেকে প্রতিদিন সূর্যাস্তের সময় এই সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী দিনের কাজ শেষ করে পরস্পরের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে ষ ছবি: এহসান-উদ-দৌলা

বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে রচিত হলো এক নতুন ইতিহাস। আনুষ্ঠানিকভাবে শুরু হলো বর্ডার রিট্রিট সেরিমনি বা যৌথ বিরতি অনুষ্ঠান। অর্থাৎ, প্রতিদিন সন্ধ্যার আগে দুই দেশের পতাকা নামানোর সময় দুই দেশের বিএসএফ ও বিজিবির যৌথ কুচকাওয়াজ হবে। গতকাল বুধবার বেলা দুইটায় এক অনুষ্ঠানের মাধ্যমে যৌথ বিরতির উদ্বোধন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে।
ভারত-পাকিস্তানের ওয়াগা-আটারি সীমান্তে এই যৌথ বিরতি কার্যক্রম চালু আছে। এবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এ কার্যক্রম চালু হলো। এতে দুই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ খান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) বি ডি শর্মা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আবিদা ইসলামসহ দুই দেশের বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। এই যৌথ বিরতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এই যৌথ কুচকাওয়াজের মধ্য দিয়ে। সম্পর্ক নিবিড় হবে বিজিবি ও বিএসএফের।’ তিনি ভারতের সঙ্গে চিরায়ত বন্ধুত্ব সুদৃঢ় করার আহ্বান জানান।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, ‘কবিগুরু বরীন্দ্রনাথ ও কবি নজরুল ইসলাম আমাদের দুই দেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন।’ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। স্মরণ করেন বঙ্গবন্ধুকেও। একপর্যায়ে তিনি বাংলায় কাজী নজরুল ইসলামের একটি কবিতা ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’ দুটি লাইন আবৃত্তিও করেন। তিনি বক্তব্য শেষ করেন রবীন্দ্রনাথের একটি কবিতার দুটি লাইন আবৃত্তির মধ্য দিয়ে। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় বর্ডার রিট্রিট সেরিমনি। এতে অংশ নেয় দুই দেশের সীমান্তরক্ষী বহিনী। আনুষ্ঠানিকভাবে তারা নামিয়ে অনে দুই দেশের জাতীয় পতাকা। এর আগে প্রখ্যাত শিল্পী অলকানন্দ রায়ের পরিচালনায় দুই দেশের খ্যাতিমান কবি রবীন্দ্রনাথ, নজরুল, লালন ফকির, জীবনানন্দ দাশের কবিতা ও গান নিয়ে তৈরি অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেন দুই দেশের শিল্পীরা।