বেনাপোল স্থলবন্দরে পণ্য সংরক্ষণ নীতিমালা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরের গুদামে পণ্য সংরক্ষণের জন্য কোনো নীতিমালা নেই। এ কারণে সেখানকার গুদামগুলোতে পণ্য রাখা হচ্ছে যথেচ্ছভাবে। রাসায়নিকের গুদামে রাখা হচ্ছে খাদ্যদ্রব্য। এতে খাদ্যদ্রব্যের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপাদান মিশে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, চার বছর ধরে স্থলবন্দরটির রাসায়নিকের গুদামে ফেলে রাখা হয়েছে বিট লবণ।বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর গুদামে কস্টিক সোডা, কাপড়ে ব্যবহূত নীল, ছাপাখানার কালি, যন্ত্রে ব্যবহার উপযোগী তেলসহ বিভিন্ন শিল্পে ব্যবহূত রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে। ওই একই গুদামে রাখা হয়েছে ১৫০ মেট্রিক টন বিট লবণ।বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আজিজুর রহমান বলেন, ‘রাসায়নিকের গুদামে খাদ্যদ্রব্য রাখা উচিত নয়। বন্দর কর্তৃপক্ষ কেন রেখেছে, তা আমরা জানি না।’খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গবেষণাগারে ওই বিট লবণের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৩ মার্চ সেখান থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, ওই বিট লবণ খাওয়ার উপযোগী। এরপর আমদানি করা ওই লবণ কাস্টম হাউস থেকে ছাড়ের অনুমতি দেওয়া হচ্ছে। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, কুয়েটের প্রতিবেদনে ওই বিট লবণকে খাওয়ার উপযোগী হিসেবে উল্লেখ করা হলেও এতে কোনো তেজস্ক্রিয়তা আছে কি না, তা পরীক্ষার জন্য আণবিক শক্তি কমিশনে লবণের নমুনা পাঠানো হবে। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বলেন, রং, ছাপাখানার কালি, কস্টিক সোডা, লুব্রিক্যান্ট, ট্যানারি শিল্পে ব্যবহূত রাসায়নিক দ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর। এসব পদার্থ দেহে প্রবেশ করলে কিডনি আক্রান্ত হতে পারে, এমনকি ক্যানসারও হতে পারে।গুদামের ইনচার্জ (তত্ত্বাবধায়ক) ওসমান গনি ভূঁইয়া জানান, ২০০৭ সালের ২১ ও ২২ মে দুটি চালানের মাধ্যমে ঢাকার ভাই ভাই করপোরেশন ১৫০ মেট্রিক টন বিট লবণ ভারত থেকে আমদানি করে। সেগুলোকে ৩৪ নম্বর গুদামে রাখা হয়। জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে গুদামটিকে রাসায়নিকের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে গুদামটিকে রাসায়নিকের গুদাম ঘোষণার পরও সেখান থেকে বিট লবণগুলো সরিয়ে নেওয়া হয়নি। বেনাপোল বন্দরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গুদামে পণ্য রাখার ব্যাপারে কোনো নীতিমালা নেই। পণ্যের প্রকৃতির ওপর নির্ভর করে গুদামে পণ্য রাখা হয়। তিনি আরও জানান, রাসায়নিকের গুদামে লবণ রাখার বিষয়টি তাঁর জানা নেই।