বেনাপোলে আটক পণ্যের দাম নির্ধারণ নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে আটক করা ভারতীয় পণ্যের দুই রকম দাম নির্ধারণ করা হয়। এ নিয়ে বিডিআর ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ২২ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে ৯ জুন ভারতীয় প্রসাধন সামগ্রী ও ইমিটেশনের গয়না আটক করে বেনাপোল কাস্টম হাউসের গুদামে জমা দেন। জমা দেওয়ার সময় তাঁরা ওই পণ্যের দাম দেখান চার লাখ ২৬ হাজার ২০০ টাকা। পরে কাস্টম হাউসের নিলাম কমিটি ওই পণ্যের দাম নির্ধারণ করে মাত্র দুই হাজার টাকা। কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, সীমান্তে অবৈধ মালামাল আটকের জন্য বিডিআরের কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়। কে কত টাকার পণ্য আটক করল, তার ওপর নির্ভর করে পুরস্কার দেওয়া হয়। এ জন্য বিডিআরের কর্মকর্তারা পণ্যের অবাস্তব দাম দেখিয়ে পুরস্কার হাতিয়ে নিচ্ছেন। ২২ রাইফেল ব্যাটালিয়নের বেনাপোলের সুবেদার আবুল হোসেন জানান, আটক করা কিছু পণ্যের দাম সম্পর্কে অনেক কর্মকর্তার ধারণা নেই। এ কারণে তাঁরা একটি দাম নির্ধারণ করে কাস্টমসে জমা দেন। তা ছাড়া বিডিআরের জওয়ানদের উৎসাহিত করার জন্যও বেশি দাম নির্ধারণ করা হয়। কাস্টম হাউসের কর্মকর্তারা নিলামে দুর্নীতি করার জন্যও কম দাম নির্ধারণ করেন। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল মান্নান শিকদার জানান, পণ্যের দাম নির্ধারণ নিয়ে বিডিআরের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। টাস্কফোর্সের সভায়ও বিষয়টি উত্থাপন করা হয়েছে।