বেনাপোলে ঠাঁই দাঁড়িয়ে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী পরিবহন ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দর ও সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকামে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দরের বাশকলে পেঁয়াজ, রপ্তানিমুখী শিল্পের যন্ত্র ও যন্ত্রাংশ বোঝাই ৫০টি ট্রাক দাঁড়িয়ে আছে। এ ছাড়া ৪০০ ট্রাক পণ্য শুল্কায়ন হয়ে বন্দর থেকে বের হওয়া অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে বন্দর থেকে পণ্য বের হতে পারেনি। সোমবার মাত্র ২৫টি পণ্যের চালান নিয়ে ছয়টি ট্রাক বন্দর ছেড়ে গেছে। এ ছাড়া অসংখ্য ট্রাক পচনশীল পণ্য নিয়ে বাশকলে দাঁড়িয়ে আছে।’

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ‘প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য বন্দর থেকে বের হয়। সেখানে সামান্য পরিমাণ পণ্য বের হয়েছে। অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার না হলে রপ্তানিমুখী শিল্পের ব্যাপক ক্ষতি হবে। সময়মতো পণ্য রপ্তানি করা যাবে না। এতে বিদেশে আমার সুনাম নষ্ট হবে।’

এদিকে যশোর সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে কোনো ট্রাক সবজি নিয়ে দেশের কোথাও যেতে পারেনি।

হাটের ইজারাদার ফরিদুল ইসলাম বলেন, ‘রবি ও বৃহস্পতিবার হাটের দিনে ১৫ ট্রাক করে ও অন্য দিন ১০ ট্রাক করে সবজি এ হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। ধর্মঘটের কারণে মোকাম থেকে কোনো ট্রাক যেতে পারেনি। যে কারণে অর্ধেক দামে সোমবার সবজি বেচাকেনা হয়েছে।