বেনাপোলে দুই তরুণ হত্যার ঘটনায় মামলা
যশোরের শার্শা উপজেলা সীমান্তের বারোপোতা গ্রামে পাল্টাপাল্টি হামলায় দুই তরুণ হত্যার ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। দুটি মামলায় মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নিহত লালনের মামা খোদাবক্স ১১ জনকে ও ইমানুরের ভাই মিজানুর রহমান আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।
শার্শা উপজেলার বারোপোতা গ্রামে চাঁদাবাজি নিয়ন্ত্রণের জেরে ইমানুরকে বোমা মেরে ও লালনকে গুলি করে হত্যা করা হয়।
মামলা দুটির ব্যাপারে জানতে চাইলে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কেউ এলাকায় নেই। পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তারের জন্য মাঠ চষে বেড়াচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, বারোপোতা গ্রাম থেকে ভারত সীমান্তের দূরত্ব দুই কিলোমিটার আর সাতক্ষীরা জেলার দূরত্ব পাঁচ কিলোমিটার। এলাকার লোকজন অপরাধ ঘটিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। যে কারণে সীমান্ত এলাকার অপরাধীদের ধরা অত্যন্ত কষ্টকর।
এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর থেকে বারোপোতা গ্রাম অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে পুরুষ মানুষ গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।