বেনাপোলে দুই বাংলার মানুষের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও বেনাপোলে বসেছিল দুই বাংলার বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার দুই বাংলার মানুষ গান গেয়ে, কবিতা আবৃত্তি করে আর নানা স্মৃতি কথামালায় মেতে ওঠেন মেলায়। নোম্যানসল্যান্ডে গড়া হয় অস্থায়ী শহীদ মিনার। দুই বাংলার শত শত মানুষ ওই শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পশ্চিমবঙ্গের অতিথিরা আসেন এপারে বেনাপোল অংশে নির্মিত মঞ্চে। আর এপারের অতিথিরা যান ওপারে পেট্রাপোলে আয়োজিত অনুষ্ঠানে। দুই বাংলার ৫০ জন করে ১০০ জনের জন্য যাতায়াতের বিশেষ অনুমতি ছিল।‘শহীদ মিনার ভেঙেছ আমার ভাইয়ের রক্তে গড়া...’ ভারতের গণসংগীতশিল্পী গীতা চৌধুরীর গাওয়া এ গানের মাধ্যমে এপারে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।নোম্যানসল্যান্ডে একটি বেদিতে সাত বছর ধরে ফুল দেওয়ার রীতি চলে আসছে। আগামী বছর থেকে এক বেদিতে ফুল দিয়ে একই মঞ্চে দুই বাংলার মানুষ অনুষ্ঠান করবে। বেনাপোলের আলোচনা মঞ্চ থেকে এমনই ঘোষণা দিলেন ভারতের লোকসভার সাবেক সদস্য অমিতাভ নন্দী। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারির এই দিনে বাংলার মাটি ছোঁয়ার আকর্ষণে ছুটে আসি। আমাদের ভাষা এক; সংস্কৃতি এক। একটি শহীদ মিনার; একটি মঞ্চের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি দুই বাংলার প্রতিনিধি নিয়ে গঙ্গা-পদ্মা-ভাষা ও মৈত্রী সমিতি নামের একটি কমিটি গঠন করার ঘোষণা দেন।কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অমিতাভ নন্দী ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। প্রধান উপদেষ্টা ভারতের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ বেনাপোল যশোরের আহ্বায়ক আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক, মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ। নাট্যব্যক্তিত্ব সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।