বেনাপোলে দুই বাংলার মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একযোগে উদ্যাপন করলেন দুই বাংলার ভাষাপ্রেমীরা। বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।
গতকাল শুক্রবার সকাল নয়টায় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁওয়ের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁও পৌরসভার মেয়র জোৎস্না আঢ্য, উওর ২৪ পরগনা জেলা পরিষদের প্রশাসক রহিমা মণ্ডল, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জয়দেব ভদ্র, ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম প্রমুখ। তাঁরা একসঙ্গে গেয়ে ওঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ফুল ছিটিয়ে ভারতের অতিথিদের বরণ করে নেওয়া হয়।
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিশু নিহত হওয়ার কারণে এবার বেনাপোল অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি।