বেনাপোলে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩
যশোরের বেনাপোলের পোড়াবাড়ি নারায়ণপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পোড়াবাড়ি নারায়ণপুর এলাকার তবিবর রহমান (৪৫) ও তাঁর স্ত্রী তুলি খাতুন (৩৫) এবং বিল্লাল (২৫)। নির্যাতনের ভিডিওচিত্র দেখে গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত আসামি বিল্লালকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ১৩ জুন দুপুরে পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের হাসেম আলী ও মহাবীরের নেতৃত্বে একদল বখাটে এক গৃহবধূর বাড়ি গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা ওই নারীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে শত শত মানুষের সামনে পিটিয়ে আহত করে। এ ছাড়া কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেয়। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আলকাতরা মেখে পরে তাঁকে পুকুরে গোসল করানো হয়।