বেনাপোলে পাঁচ হাজার কেজি ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পাঁচ হাজার কেজি ইলিশ ও সাদা মাছ জব্দ করা হয়েছে। সাদা মাছ রপ্তানির ঘোষণা দিয়ে কৌশলে ইলিশ পাচারের সময় গত বৃহস্পতিবার রাতে ওই মাছ জব্দ করা হয়। পরে রাত ১০টার দিকে টাস্কফোর্সের মাধ্যমে মাছগুলো দুই লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।বন্দর সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় খুলনার সী ফুড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান কই মাছ রপ্তানির ঘোষণা দিয়ে একটি ট্রাকের ছাড়পত্র চেয়ে আবেদন করে। বন্দরের কর্মকর্তারা পণ্য পরীক্ষা করতে গিয়ে দেখেন, ট্রাকের ভেতরে রাখা প্রতিটি ঝুড়ির ওপরের অংশে কিছু পরিমাণ কই, তেলাপিয়া ও টেংরা মাছ দিয়ে ঢেকে নিচে ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লোকজন ট্রাক ফেলে পালিয়ে যায়।বেনাপোল বন্দর মৎস্য পরিদর্শক আমিনুর রহমান বলেন, বিষয়টি তাৎক্ষণিক খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার, যশোরের জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানকে জানানো হয়।পরিদর্শক আমিনুর রহমান আরো বলেন কর্তৃপক্ষ টাস্কফোর্স গঠন করে রাতেই জব্দ করা মাছ দুই লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টাস্কফোর্সের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ বলেন, ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ বিক্রি, সংরক্ষণ, পরিবহন ও রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা না মেনে প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ ভারতে রপ্তানির চেষ্টা করে।