বেনাপোলে পড়ে আছে ৭৪৮টি গাড়ি
বেনাপোল স্থলবন্দরের টিটিবি (ট্রাক টার্মিনাল বাংলাদেশ) আঙিনায় (ইয়ার্ড) ভারত থেকে আমদানি করা ৭৪৮টি গাড়ি নিলামের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন ধরে গাড়িগুলো পড়ে থাকলেও তা নিলাম করা হয়নি। জায়গা-সংকটের কারণে আমদানি করা গাড়ি অন্য আঙিনা বা রাস্তার ওপর রাখতে হচ্ছে।স্থলবন্দরের টিটিআই (ট্রাক টার্মিনাল ভারত) আঙিনায় সাধারণত রাখা হয় পণ্যবাহী ট্রাক। আমদানি করা গাড়ি এ আঙিনায় রাখার কারণে জায়গা-সংকট দেখা দিয়েছে। এ কারণে এই আঙিনার পণ্যবাহী ট্রাক রাস্তার ওপর যত্রতত্র পার্ক করে রাখতে হচ্ছে। এতে প্রায়ই ট্রাক থেকে পণ্য চুরির ঘটনা ঘটছে। ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা; অন্যদিকে বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।বেনাপোল স্থলবন্দরের পরিচালকের কার্যালয় থেকে তিন মাস পর পর নিলামযোগ্য গাড়ির তালিকা করে নিলাম কর্তৃপক্ষ কাস্টমস কমিশনারের কাছে পাঠানো হয়। চলতি বছর সেপ্টেম্বরে সর্বশেষ তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকা থেকে জানা গেছে, বন্দরে থাকা আমদানি করা ও নিলামযোগ্য ৭৪৮টি গাড়ির মধ্যে নিটল মোটরসের ৪৭৪টি ও র্যাং গস মোটরসের ২৬২টি। বাকি ১২টি গাড়ি অন্যান্য কোম্পানির।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আঙিনায় এমনভাবে নতুন গাড়ি রাখা হয়েছে, সেখানে পা ফেলার জায়গা নেই। অনেক গাড়ি গাছগাছালির লতাপাতায় ঢেকে গেছে।টিটিবির ওয়্যারহাউস সুপার আবুল বাসার প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতা অনুযায়ী টিটিবির আঙিনায় ৩০০ থেকে ৩৫০টি গাড়ি রাখা যায়। অথচ সেখানে এখন নয় শতাধিক গাড়ি রয়েছে। জায়গা না থাকায় টিটিবির অন্তত ৩০০টি গাড়ি টিটিআইয়ের আঙিনায় রাখতে হয়েছে।তিনি আরও জানান, আমদানি করার পর তিন থেকে সাত দিনের মধ্যে বন্দর ও কাস্টমের সব কাজ শেষে গাড়ি ছাড় করে নেওয়া যায়। অথচ অনেক গাড়ি বছরের পর বছর ফেলে রাখা হচ্ছে। সাধারণত বন্দরে ঢোকার পর থেকে ৩০ দিনের বেশি সময় হলে তা নিলামযোগ্য হিসেবে তালিকা তৈরি করা হয়। প্রতিবার তালিকা দেওয়া হয়। কিন্তু নিলাম করা হয় না।নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একজন কর্মকর্তা জানান, ঢাকা ও যশোরসহ বেশির ভাগ শহরে জায়গা ভাড়া নিয়ে গাড়ি রাখতে যে খরচ হয়, তার চেয়ে অনেক কম খরচে তা বন্দরের আঙিনায় রাখা যায়। এ কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বন্দর থেকে গাড়ি নিতে আগ্রহী নয়।জানতে চাইলে নিটল গ্রুপের মহাব্যবস্থাপক (দক্ষিণাঞ্চল) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমদানি করা গাড়ির ডিউটি পেমেন্টের টাকা নেই। তা ছাড়া দেশে এখন ওই সব গাড়ির চাহিদাও অনেক কম। যে কারণে গাড়িগুলো ছাড় করে নেওয়া হয়নি।’স্থলবন্দরের পরিচালক আবদুল আওয়াল হাওলাদার বলেন, বন্দর রাখীমালের গুদাম নয় যে সেখানে দীর্ঘ সময় ধরে মালামাল ফেলে রাখা যাবে। অথচ কিছু আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের মালামাল দীর্ঘ সময় ধরে বন্দরের ছাউনি ও ইয়ার্ডে ফেলে রাখছে। এতে বন্দরে পণ্যের জট বাঁধছে। অন্য ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।বেনাপোল কাস্টমস কমিশনার মাসুদ সাদিক বলেন, ডিসেম্বরের মধ্যে গাড়িগুলো সরিয়ে নিতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। এত দিন কেন নিলাম করা হয়নি, জানতে চাইলে কমিশনার বলেন, মংলা বন্দরে কখনো পণ্য নিলাম করা হয় না। আর চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার চার্জ অনেক কম।চাপাচাপি বেশি করলে আমদানিকারক প্রতিষ্ঠান যদি এ বন্দর দিয়ে আর আমদানি না করে, তাহলে বন্দরের আয় কমে যেতে পারে—এ আশঙ্কা থেকে নিলাম করা হয়নি বলে কাস্টমস কমিশনার জানান।