বেনাপোলে বোমা হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার
যশোরের বেনাপোল বন্দরের বলফিল্ডে বৈশাখী মেলায় বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বোমা হামলায় নিহত জিয়ার বাবা ইউসুফ আলী বেনাপোল বন্দর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভবেরবেড় গ্রামের লিটন (২৪), ইস্রাফিল (৪০) ও ফিরোজ (৪০) এবং বড় আঁচড়া গ্রামের সোহাগ (২৫)। এঁরা আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহেদুজ্জামান।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈশাখী মেলা উদ্যাপন কমিটির ব্যানারে যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলমসহ কয়েকজন মিলে বলফিল্ডে (ফুটবল মাঠ) সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। গত বুধবার রাতে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই জিয়া নিহত হন। আহত হন ছয়জন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।নাশকতা এড়াতে মেলা বন্ধে পুলিশের চিঠিবেনারসি তাঁতশিল্প গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে যশোর শহরের মুন্সী মেহেরউল্লাহ ময়দানে (টাউন হল মাঠে) সপ্তাহখানেক আগে শুরু হওয়া মাসব্যাপী বৈশাখী তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলায় নাশকতার আশঙ্কা করছে যশোর কোতোয়ালি থানার পুলিশ। বেনাপোলের বৈশাখী মেলায় বোমা হামলার প্রভাব এ মেলায়ও পড়ার আশঙ্কায় গতকাল যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ মেলা বন্ধ করার প্রস্তাব জানিয়ে জেলা প্রশাসক নূরুল আমিন ও পুলিশ সুপার দিদার আহমেদের কাছে চিঠি পাঠিয়েছেন। ওসি আবদুল কাদের বেগ বলেন, ‘নাশকতা এড়াতে ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেলা বন্ধ করতে চিঠি পাঠানো হয়েছে।’