বেনাপোলে যুবলীগ কর্মী খুন, নেপথ্যে বাঁওড়-গরুর হাট দখলদারি!
যশোরের বেনাপোল বন্দর থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে সোমবার রাতে স্থানীয় যুবলীগের সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুকে (৩২) বোমা মেরে হত্যা করা হয়েছে। বাঁওড় ও গরুর হাটের দখলদারি নিয়ে বিরোধের জের ধরে পুটখালী বাজারে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, পুটখালী গ্রামের আবদুল কাদের (৩৫), আবদুল্লাহ (৪৫), মজিবর রহমান (৪০), মুকুল মোড়ল (৪২) ও হাফিজুর রহমান (৩৫)। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে বলে জানা গেছে। এদিকে নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার বোনাপোল বন্দর থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশের ভাষ্যমতে, বাবু রাত সাড়ে আটটার দিকে পুটখালী বাজারে গেলে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী এসে অতর্কিত হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে তারা পালিয়ে যায়। বোমায় গুরুতর আহত বাবুকে প্রথমে শার্শার নাভারণ হাসপাতাল ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে রাত ১০টার দিকে তিনি মারা যান। মামলার এজাহারে বলা হয়েছে, পুটখালী বাঁওড় ও গরুর হাটের অংশীদারি নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই পক্ষের নেতৃত্বে রয়েছেন তবি মোড়ল। এর আগেও তিন থেকে চারবার বাবুকে হত্যার হুমকি দেওয়া হয়। শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, পুটখালী সীমান্তের গরুর হাট ও চোরাচালানি ঘাট নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বাবুর দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই সূত্রে তিনি খুন হতে পারেন।পুলিশ সুপার দিদার আহম্মেদ বলেন, পুটখালী গরুর হাটের বর্তমান ইজারাদার হচ্ছেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। এর আগে ইজারাদার ছিলেন বাবু। ওই হাটের আধিপত্য নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। হাট ও চোরাচালানির ঘাটকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও দুটি পক্ষকে পৃষ্টপোষকতা দিচ্ছেন বলে এসপি দিদার আহম্মেদ জানান।কারা বাবুকে বোমা মেরে খুন করেছে প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা গেছে। অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।