বেনাপোলে রাসায়নিকের গুদামে আগুন চারজনের মৃত্যু
বেনাপোল বন্দর এলাকার একটি রাসায়নিকের গুদামে আগুন লেগে গতকাল রোববার চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত ব্যক্তিরা হলেন গুদামভবনের মালিকের ছেলে বাঁধন (২৫), বেনাপোলের ঘিবা গ্রামের মুছা মাহমুদ (২৮), ইমন (২৭) ও মফিজুর রহমান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেনাপোল বন্দর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়সংলগ্ন একটি রাসায়নিকের গুদামে গতকাল বিকেলে ট্রাক থেকে পণ্য খালাসের সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তিনটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এ সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বাঁধন, মুছা ও ইমন। তাঁরা ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান। এ ছাড়া মারা যান গুদামশ্রমিক মফিজুর। পরে বেনাপোল ও ঝিকরগাছা উপজেলার দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে।