বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি শুরু
সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে যশোরের বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন।অনির্দিষ্টকালের ওই কর্মবিরতির কারণে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকায় প্রথম দিনই দেশের বৃহত্তর এই স্থলবন্দরে সৃষ্টি হয়েছে তীব্র পণ্যজট।বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ প্রথম আলোকে বলেন, সরকারঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে সপ্তাহ খানেক আগে শ্রমিক ইউনিয়নগুলোর একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে বৈঠক থেকে সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। চিঠি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার এ বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত না করায় অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রমিকেরা যে দাবি-দাওয়া তুলেছেন, তার বাস্তবায়ন আমাদের এখতিয়ারের বাইরে। তবে, আমরা তাঁদের দাবিসংবলিত চিঠি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।’