বেনাপোলে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল আন্তর্জাতিক তল্লাশিচৌকি (চেকপোস্ট) থেকে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডলারগুলো উদ্ধার করা হয়।
কয়েকজন শুল্ক কর্মকর্তা বলেছেন, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে বলে তাঁদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা আগে থেকেই সতর্ক ছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে ভারতফেরত কয়েকজন যাত্রীর ব্যাগ স্ক্যানার যন্ত্রে তল্লাশি করার সময় মালিকহীন একটি ব্যাগ থেকে পাঁচটি বান্ডিলে ডলারগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, যে ব্যাগ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়, সেটি স্ক্যানার যন্ত্রের পাশে রাখা ছিল। এর কোনো দাবিদার পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ব্যাগের ভেতর একটি মুঠোফোন পাওয়া গেছে। সেটটি ট্র্যাকিং করে মালিকের খোঁজ করা হচ্ছে। এ ছাড়া তল্লাশিচৌকির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ব্যাগ বহনকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।