বেনাপোলে ৫০০ জনের হাতে দেওয়া হলো লাঠি
চুয়াডাঙ্গা ও মাগুরার পর জঙ্গি হামলা প্রতিরোধে এবার যশোরের বেনাপোলে ৫০০ জনের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান বেনাপোল বন্দর থানায় জনগণের হাতে এ লাঠি ও বাঁশি তুলে দেন।
পরে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে থানার সামনের সড়কে শোভাযাত্রা বের করা হয়।
বেনাপোল থানা সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর থানার অধীনে তিনটি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের লোকজন থানায় এসে লাঠি-বাঁশি নিয়ে যান।
এর আগে চুয়াডাঙ্গা ও মাগুরাতে স্থানীয় মানুষের হাতে লাঠি-বাঁশি তুলে দেয় পুলিশ। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক গুপ্তহত্যা ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মানুষের মনোবল ও সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে সাবেক পুলিশ কর্মকর্তা ও মানবাধিকারকর্মীরা বলছেন, নাগরিকদের নিরাপত্তা বিধানের সর্বোত্তম পন্থা এটা নয়, এ দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীর। রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে পাওয়া লাঠি হাতে মানুষ অপরাধে জড়িয়ে পড়তে পারে।
এ ব্যাপারে আজ বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, জঙ্গি হামলা ঠেকাতে জনগণকে ঐক্যবদ্ধ করতে প্রতীকী হিসেবে লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়েছে; যাতে জঙ্গিবিরোধী মনোভাব মানুষের মধ্যে জাগ্রত হতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, ‘সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য গুপ্তহত্যা, সন্ত্রাস করছে। এদের শক্ত হাতে দমন করতে হবে।’
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আর বক্তব্য দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ।
আরও পড়ুন...