বেনারসিপল্লির 'ওস্তাদ' রফিক

বউকে রুপার জরির কাজ করা কাতান শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল। বাংলাদেশে সোনা, রুপার জরি দিয়ে বেনারসি কাতান বানানো হয় না। তাই ভারত থেকে আট হাজার রুপি দিয়ে লাল জমিনে সাদা রুপার জরির কাজের একটি শাড়ি কিনে দিয়েছিলেন মো. রফিক। ওই শাড়ির বর্তমান মূল্য কম করে হলেও ৫০ হাজার টাকা। তবে ১৯৮২ সালে নিজের হাতে বুনে সোল্ডার কাতান দিয়েছিলেন স্ত্রী রৌশন আরাকে। এরপর তিন মেয়ের বিয়ের শাড়িও নিজেই তৈরি করেছেন তিনি।
মো. রফিক রাজধানীর মিরপুরের বেনারসিপল্লির আফসানা জরি অ্যান্ড সিল্ক ইন্ডাস্ট্রিজের মূল কারিগর। মিরপুর ছাড়াও নরসিংদী, শ্রীনগর, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকার তাঁতিদের কাছে তিনি ওস্তাদ নামেই পরিচিত। শুধু তিন মেয়ের বিয়ের শাড়িই নয়, ৫৮ বছর বয়সী এই ওস্তাদের হাতে বোনা শাড়ি দিয়ে যে কত মেয়ের বিয়ে হয়েছে, তার কোনো হিসাব নেই।
আজ মঙ্গলবার দুপুরে এই ওস্তাদের সঙ্গে কথা হয় কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত তাঁত বস্ত্র মেলায়। মেলা ততটা জমে ওঠেনি। মো. রফিক জানালেন, মেলায় আসার মূল উদ্দেশ্য দেশি পণ্যের প্রচার চালানো। অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বললেন, ভারতের শাড়ি দেশের বাজার দখল করে ফেলছে। মিরপুরে বেনারসিপল্লিতেও তাঁতি পরিচয়ে কিছু ব্যবসায়ী ভারতের শাড়ি বিক্রি করছেন। ফলে ক্রেতারা মিরপুরের কাতান কিনতে গিয়ে ভারতের কাতান কিনে বাড়ি ফিরছেন।
মো. রফিকের জন্ম বাংলাদেশেই। তবে তাঁর বাপ-দাদার আদি নিবাস ভারতের বেনারসে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মো. রফিককে পড়াশোনায় ইস্তফা দিতে হয়। বাবার সঙ্গে যোগ দেন শাড়ি বুননে। সেই থেকে শুরু। এখন একটি শাড়ির নকশা কেমন হবে গ্রাফ পেপারে তার নকশা করা থেকে পুরো শাড়ি বানানোর প্রক্রিয়াটি তত্ত্বাবধান নিজেই করেন। এমনও হয়, রাত দুপুরে ঘুম থেকে জেগে বসে যান তাঁতে। এখন পর্যন্ত চোখে কোনো সমস্যা দেখা দেয়নি, বেনারসি শাড়ির সুতা জোড়া দেওয়ার সূক্ষ্ম কাজও তিনি করেন। কোনো কোনো শাড়ি বানাতে মাস খানেকও লেগে যায়।
মো. রফিকের স্ত্রী মারা গেছেন চার বছর হলো। তিন মেয়েকে ডিগ্রি পর্যন্ত পড়িয়েছেন। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু কাজ ছাড়তে পারেননি মো. রফিক। তাঁর ভাষায়, তাঁতিরা হচ্ছে জুলহা বা জুহেলা। এর অর্থ হলো মূর্খ। এই মূর্খদের মেধার মূল্যায়ন কেউ করে না। তাঁর মতে, পুরোনো তাঁতিরা মারা যাচ্ছেন। তাঁদের ছেলেমেয়েরা যেটুকু কাজ শেখার শিখছে, কিন্তু এর বাইরে তাঁদের অভিজ্ঞতাকে সংরক্ষণ করার কেউ নেই। এটা খুব জরুরি। আর এ কাজটা সরকারকেই করতে হবে।
তিন মেয়েকে কেন তাঁতি বানাননি—এ প্রশ্নে বেশ খানিকটা অবাক হন মো. রফিক। কেননা তাঁতপল্লিতে মেয়েরা অন্য কাজ করলেও তাঁতে বসতে পারে না। এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। মেয়েরা অন্যের ঘরে চলে যাবে, সেখানে তারা স্বামীর ইচ্ছায় চলবে।
মো. রফিক জানালেন, ফেন্সি, ব্রকেট, বুটি, জুটসহ নানান নামের কাতানের মধ্যে এখন ফেন্সি কাতানটাই বেশি চলে। আগে তরুণীরা একটু ভারী শাড়ি পছন্দ করতেন, তবে বর্তমানের তরুণীরা হালকা, তবে তাতে যেন চাকচিক্য থাকে, সে ধরনের কাতান বেশি খোঁজেন।
মিরপুরের বেনারসি নিয়ে কথা বলতে গিয়ে মো. রফিকের চোখে খুশির ঝিলিক। বললেন, ‘ভারতের দেবদাস সিনেমার নায়িকা ও অন্যরা সিনেমায় যত শাড়ি পরেছেন, তার সবই মিরপুরের বেনারসি। আজ আপনাকে একটা বেনারসি শাড়ি দেব, ২০ বছর পরেও দেখবেন তা তেমনই আছে। একটুও নষ্ট হবে না।’