বেনিনে আটকে আছেন ৩১ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে কয়েকটি জাহাজে এক মাসেরও বেশি সময় ধরে ৩১ জন বাংলাদেশি নাবিক আটকে আছেন। জাহাজগুলোর গ্রিক মালিকেরা তাঁদের খাদ্য, পানীয় ও জ্বালানি দিতে পারছেন না। আটকে পড়া বাংলাদেশিরা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।জাহাজ কোম্পানির একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা দুই সপ্তাহ আগে শেষবারের মতো খাদ্য, পানীয় ও জ্বালানি পেলেও তা এখন শেষ হয়ে গেছে। জাহাজের নাবিক ও কর্মচারীদের চার মাস ধরে বেতন দেওয়া সম্ভব হয়নি। সে কারণে তাঁরা বাড়ি ফিরতেও পারছেন না।জাহাজে আটকে থাকা কর্মচারী আশরাফুল আলম বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা গোল্ডেন ক্যারিয়ার এসএ কোম্পানির একটি জাহাজে আছি। এই কোম্পানির অনেকগুলো জাহাজ আছে। বেনিন উপকূলে আমরা আছি। জাহাজের নাম পালমা।’আশরাফুল বলেন, ‘আমরা চার মাস ধরে বেতন পাচ্ছি না। গত মাসে আমরা সবাই পদত্যাগ করেছি। আমাদের দেশে পাঠাতে বলেছি। এখানে নিরাপত্তাব্যবস্থা বলতে কিছুই নেই। ফ্রেশ ওয়াটার নেই। খাবার নেই। শুধু জাউ রান্না করে খেয়েছি।’ তিনি জানান, তাঁদের জাহাজে নয়জন বাংলাদেশি আছেন। এ ছাড়া আরও পাঁচ-ছয়টি জাহাজ মিলিয়ে আটকে পড়া বাংলাদেশির মোট সংখ্যা ৩১ জন।আশরাফুল জানান, আটকে থাকার বিষয়টি তাঁরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীকে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।