বেনিনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে পৌঁছানো বাংলাদেশের এক কূটনীতিক জানিয়েছেন, প্রায় চার মাস ধরে জাহাজে আটকে থাকা একদল বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। গ্রিক মালিকানাধীন কয়েকটি জাহাজে কাজ করতেন এই বাংলাদেশি নাবিকেরা। কিন্তু গ্রিক কোম্পানি দেউলিয়া হওয়ার পর জাহাজগুলো বেনিন উপকূলে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিপাকে পড়েন ৬০ জন বাংলাদেশি নাবিক। চার মাস ধরে পরিত্যক্ত জাহাজে চরম অর্থাভাব ও খাদ্যাভাবে জীবন কাটছে তাঁদের। বেনিনে আটলান্টিক মহাসাগরে বাংলাদেশি নাবিক যাঁরা আটকা পড়েছেন, তাঁদের মধ্যে এনামুল হক একজন। এনামুল মুঠোফোনে বিবিসি বাংলাকে জানান, তাঁরা ৬০ জনের মতো বাংলাদেশি একটি গ্রিক জাহাজে কাজ নিয়ে গত ডিসেম্বরে গ্রিসে যান। কিন্তু জাহাজে ওঠার পর থেকে তাঁদের আটকে দেওয়া হয়। গত মাসের বিভিন্ন সময় ৬০ জনের মধ্যে ৩১ জনকে বেতন-ভাতা না দিয়েই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।এনামুল জানান, ‘আটটি জাহাজে আমরা ২৯ জন আটকে আছি। মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুত্ফর রহমান গত রাতে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আমাদের ২৯ জনের সবার নাম নিয়ে জানান, আমাদের শিগগিরই দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন তিনি।’মরক্কোর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লুত্ফর রহমান দুই দিন আগে বেনিনে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বিবিসিকে জানান, আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফেরত নিতে এখন কোনো সমস্যা নেই। তবে বেতন-ভাতা যাতে পাওয়া যায় সে জন্য কিছুটা সময় লাগছে। লুত্ফর রহমান বলেন, ‘বেনিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সব রকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন। টিকিট না পাওয়া পর্যন্ত তাঁরা বাংলাদেশিদের খাবারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেনিনের আশপাশের দেশগুলোতে বাংলাদেশি মিশন বা দূতাবাস যেগুলো রয়েছে সবগুলো এ বিষয়ে কূটনৈতিক তত্পরতা চালাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা