বেনিনে আটকে পড়া ২৭ নাবিক শিগগির দেশে ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের উপকূল থেকে বেশ খানিকটা দূরে আটকে পড়া ২৭ বাংলাদেশি নাবিককে দুই-এক দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। গ্রিসের একটি বেসরকারি জাহাজ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তিরা প্রতারিত হয়ে দেড় মাস ধরে বেনিনে আটকা পড়ে আছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য এশিয়া ও আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমান গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য এরই মধ্যে মরক্কোর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. লুৎফর রহমানকে ২৭ এপ্রিল বেনিনে পাঠানো হয়েছে। গ্রিসের নাগরিকদের মালিকানাধীন আটটি জাহাজে যে ২৭ জন আটকা পড়েছেন, তাঁদের ১০ জনকে ইতিমধ্যেই বেনিনের রাজধানী পোর্তো নোভায় আনা হয়েছে। অন্যদেরও আজ বৃহস্পতিবার উপকূলে নিয়ে আসা হবে। দু-এক দিনের মধ্যে সবাইকে বিমানে দেশে আনার প্রস্তুতি চলছে। এঁদের মধ্যে কয়েকজনের ৮ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।তিনি জানান, নৌপরিবহন মন্ত্রণালয় ওই ব্যক্তিদের দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করছে। আর তাঁদের বেনিনে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ মেটাচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এ বছরের শুরুতে বেশ কয়েকজন নাবিক চট্টগ্রামের শিপিং এজেন্টের মাধ্যমে গ্রিসের গোল্ডেন শিপিং এসএ কোম্পানিতে যোগ দেন।এঁদের মধ্যে আটটি জাহাজে কর্মরত ৩১ জন নাবিক যান বেনিনে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা আটকা পড়েন। প্রয়োজনীয় খাবার, পানি, জ্বালানিসহ জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁরা চরম ঝুঁকির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে তাঁরা জরুরি ভিত্তিতে বকেয়া বেতন, খাবার ও দেশে ফেরার টিকিট চান তাঁদের প্রতিষ্ঠানের কাছে। কিন্তু তাতে সাড়া দেয়নি গ্রিসের বেসরকারি মালিকানাধীন ওই প্রতিষ্ঠান। ফলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়ায় তাঁদের জীবন। অবশ্য এঁদের মধ্যে চারজন বিভিন্নভাবে দেশে ফেরেন। এঁদেরই একজন মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম গত ২১ এপ্রিল ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।