সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া চালকদের সাজার মেয়াদ যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন, বিদ্যমান সাজা মোটেও যথেষ্ট নয়। এ নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ চালকদের সাজা বাড়ানোর পাশাপাশি এ ধরনের মামলা জামিন অযোগ্য করার দাবি জানিয়েছে।
প্রায় তিন দশক ধরে এ ধরনের অপরাধের শাস্তি ছিল তিন বছর কারাদণ্ড। গত ২০ নভেম্বর হাইকোর্ট এক রায়ে ১৯৮৫ সালের আগ পর্যন্ত এই অপরাধের জন্য সাত বছরের যে সাজা ছিল, তা বহাল রাখতে নির্দেশ দেন। যদিও এই নির্দেশের বাস্তবায়ন এখনো শুরু হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ বিষয়ে ফেডারেশন ৬ ও ৭ ডিসেম্বর সভা ডেকেছে।
বেপরোয়া গাড়ি চালিয়ে বা গাড়িতে আরোহণ করিয়ে মৃত্যু ঘটানোর জন্য বাংলাদেশ দণ্ডবিধিতে সাজা প্রথমে ছিল ১৪ বছর, এরপর তা কমে হয় সাত বছর। এরশাদ সরকারের আমলে ১৯৮৫ সালের ১০ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে দণ্ডবিধির ৩০৪ (বি) ও ফৌজদারি কার্যবিধির তফসিলে পরিবর্তন আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে চালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।
২০ নভেম্বর আদালত এই শাস্তি সাত বছর বহাল রাখার পক্ষে মত দিলেও পর্যবেক্ষণে বলেন, বর্তমান বাস্তবতায় এই সাত বছর সাজাও যথেষ্ট নয়।
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এটি সরাসরি খুন না হলেও অবহেলাজনিত মৃত্যু। এমন মৃত্যুর জন্য তিন বা সাত বছর শাস্তি মোটেও যথেষ্ট নয়। বাস-ট্রাক চালাতে হলে যে ধরনের যোগ্যতা দরকার, তা অনেক চালকের নেই। সাজার মেয়াদ বাড়াতে তিনি উদ্যোগ নেবেন বলে জানান।
নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, চালকদের শাস্তি শুধু বাড়ালেই হবে না, এ ধরনের মামলা জামিন অযোগ্য হতে হবে। গাড়িমালিকদেরও সাজার আওতায় আনতে হবে। কারণ, তাঁরা অযোগ্য চালকের হাতে গাড়ি তুলে দেন, চলার অনুপযোগী গাড়ি রাস্তায় নামান।
বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় সাজা কমিয়ে দণ্ডবিধিতে আনা সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী কেন ঘোষণা করা হবে না, সে বিষয়ে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। তাঁরা আগের সাত বছরের সাজা চালু রাখার আবেদন জানিয়েছিলেন।
তবে সাজার মেয়াদ বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, সাজা বাড়ালে যদি অপরাধ কমত, তাহলে দেশে অপরাধই থাকত না। তাঁর মতে, আইনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
আইনমন্ত্রীও বলেছেন জনসচেতনতা বৃদ্ধির কথা। তিনি বলেন, সবাই চায় তার বাসার সামনে বাস থামুক। এভাবে যেখানে-সেখানে বাস থামানো শুরু হয়েছে। এটি বন্ধ করতে হবে।
ইলিয়াস কাঞ্চন বলেন, চালকদের মতো যাত্রীদেরও শাস্তির আওতায় আনা উচিত। একটি দুর্ঘটনার পর যাত্রীদের অনেকেই চালককে দ্রুত গাড়ি চালিয়ে নিরাপদে যাওয়ার পরামর্শ দেয়। এর কারণ চালক বা গাড়িটি আটক হলে ওই যাত্রীর আরেকটি বাস ধরার কষ্ট পোহাতে হবে। যাত্রীরও নাগরিক দায়িত্ব আছে এবং সেটা পালন করা উচিত।