বেপরোয়া চালক উল্টে গেল কোচ তিনজন নিহত
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার মহাস্থানগড়-দীঘলকান্দি এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার কোচ উল্টে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচজনকে বেসরকারি সংস্থা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা একটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা গ্রামের মজনু মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী তিনজন ও আহত চারজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪০ আসনের শাওন পরিবহনের বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে রওনা দেয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসর উদ্দিন (৫০) অভিযোগ করেন, পলাশবাড়ী থেকে অত্যন্ত বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। মহাস্থানগড়ের অদূরে দুর্ঘটনাস্থলে মহাসড়কের বাঁকে এসে গতি না কমিয়েই আকস্মিক একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এরপর বাসের ভেতর শুধু আহাজারি আর চিৎকার। পরে স্থানীয় লোকজন এসে জানালা দিয়ে আমাদের বের করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।