বেপরোয়া নছিমনচালক পিষে দিল মা-মেয়েকে
খিলক্ষেতের বড়ুরা এলাকায় মঙ্গলবার দুপুরে এক বেপরোয়া নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) চালক পিষে দিয়েছেন মা-মেয়েকে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন সালমা আক্তার (২৬) ও তাঁর দেড় বছরের মেয়ে মাইশা। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা চালককে মারধর করে পুলিশে দিয়েছে ও নছিমনটিও জ্বালিয়ে দিয়েছে।
সালমার মামা সালাউদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে সালমা তাঁর মেয়েকে নিয়ে বাড়ির পাশের একটি সবজি দোকানে যান। দোকানটি রাস্তার পাশে। সেখানে সবজি দরদাম করছিলেন সালমা। পাশে আরও কয়েকজন ছিল। এ সময় রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে একটি ইটবোঝাই নছিমন আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি দোকানের ওপর তুলে দেন। অন্যরা দৌড়ে বাঁচলেও সালমা ও মাইশা নছিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর নছিমন ফেলে পালিয়ে যাচ্ছিলেন এর চালক মাইদুল ইসলাম (২৭)। ক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে মারধর করে পুলিশে দিয়েছে। নছিমনটিও জ্বালিয়ে দিয়েছে। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের
মর্গে পাঠিয়েছে।
মেডিকেলে স্বজনেরা জানান, সালমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সালমার স্বামী মকবুল হোসেনের বড়ুরা এলাকায় একটি মুদি দোকান আছে। দোকানের আয়েই তাঁদের সংসার চলত। সালমা গৃহবধূ ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ। মাইশা এই দম্পতির একমাত্র সন্তান ছিল।
স্ত্রী-সন্তান হারিয়ে গতকাল বিকেলে মকবুলকে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে বিলাপ করতে দেখা গেছে।