বেপরোয়া পুলিশ সদস্য চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির
বেপরোয়া আচরণকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, আইনভঙ্গকারীদের ভদ্রভাবে থানায় নিয়ে আসতে হবে।
গতকাল রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই মতবিনিময় সভার কথা জানিয়েছে।
আইজিপি বলেন, জনগণের সঙ্গে যাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, ভালো ব্যবহার করেন না, তাঁদের থানায় নিয়োগ দেওয়া যাবে না। দুই-চারজনের জন্য পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে, এটা মানা যায় না। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের দায়ভার পুলিশ বাহিনী নেবে না, ওই ব্যক্তিকেই তা বহন করতে হবে। পুলিশের প্রধান বলেন, থানায় জিডি করতে যাওয়া মানুষকে হয়রানি করা যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।