বেপরোয়া বাসচালক, পুড়ে অঙ্গার চিকিৎসক

একদিকে থেমে থেমে মুঠোফোনে কথা বলা, অন্যদিকে দ্রুতগতিতে গাড়ি চালনা। বাসচালকের এ বেপরোয়া আচরণের ফলাফল, একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। সেই আগুনে পুড়ে অঙ্গার হলেন এক চিকিৎসক। গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় এ মর্মন্তুদ ঘটনা ঘটে।
নিহত ওই চিকিৎসকের নাম আমিরুল ইসলাম (৫০)। তিনি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
এ ঘটনায় প্রাইভেট কারের আরোহী একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মনির হোসেন আহত হন। তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। তবে গাড়িতে আগুন ধরার আগেই তিনি নেমে পড়ায় বেঁচে যান। তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে প্রাইভেট কারে আগুন লেগে যায়। তখন গাড়ির ভেতরেই পুড়ে অঙ্গার হয়ে যান আমিরুল।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাসিম উদ্দীন বলেন, বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে ধীরগতিতে আসছিল প্রাইভেট কারটি। একপর্যায়ে বাসটি ডান দিকে চেপে প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে ২০-৩০ হাত দূরে নিয়ে যায়। তখন প্রচণ্ড শব্দে প্রাইভেট কারে আগুন ধরে যায়। এ ঘটনায় সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাসযাত্রী হেনা খাতুন বলেন, বাসচালক কিছুক্ষণ পরপর মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ তিনি বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে দেখেন, চালক লাফ দিয়ে পালিয়ে যাচ্ছেন। এ সময় তিনিসহ সব যাত্রী দ্রুত যে যার মতো জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন। ঘটনার ১০ মিনিট পর বাসটিতেও আগুন লেগে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ির ভেতর থেকে চিকিৎসকের পোড়া লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশিস বিন হাসান বলেন, চিকিৎসক আমিরুল ইসলাম ভেড়ামারা শহরের কাস্টমমোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি নার্সিং হোমের পরিচালকও ছিলেন। তিনি দুই সন্তানের জনক।