বেপরোয়া বাসের নিচে দুটি কোমল প্রাণ

জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪ বছরের কিশোরী সাবিহা আক্তারের স্বপ্ন ছিল ডাক্তার হবে। বাবা নতুন জামা কিনে দেবেন—এমন কথা শুনে গতকাল শনিবার মেয়েটি বাসা থেকে স্কুলে যাচ্ছিল। আর প্রাথমিকে জিপিএ-৫ পাওয়া খাদিজা আক্তার ঢাকায় শিশুপার্কে বেড়াতে এসেছিল। কিন্তু দুটি পরিবারকেই সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
দুজনেই মারা গেছে বেপরোয়া বাসের চাপায়। মাত্র আট ঘণ্টার ব্যবধানে এই দুই স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। সাবিহা মারা গেছে সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে। খাদিজা বিকেলে শাহবাগ মোড়ে। দুই জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার।
সাবিহার বাবা জাকির হোসেন মেয়েকে আদর করে ডাকতেন সোনালি। রংমিস্ত্রি জাকিরের সব স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল সোনালি। সে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল। গতকাল সকাল আটটার দিকে সেগুনবাগিচার পিডব্লিউডি কলোনির বাসা থেকে বের হয়েছিল নতুন স্কুলে ভর্তির কাজ সারতে। কিন্তু স্কুলে আর পৌঁছাতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে মৎস্য ভবনের পাশের বার কাউন্সিল ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় সাবিহার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। চালককে আটকের দাবিতে ঘটনার পর মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করে তার সহপাঠীরা।
ময়নাতদন্তের পর মেয়ের লাশ বুঝে নেওয়ার আগে মর্গের প্রবেশপথে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন জাকির। চোখ মুছতে মুছতে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই ছেলেমেয়েকে নিয়ে আমার স্বপ্ন ছিল। ছেলে সাজ্জাদ হোসেন নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছে। মেয়েটা আমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। বলত, বাবা তোমার সব কষ্ট দূর করে দেব। কিন্তু আমার সেই স্বপ্নকে লাশ বানিয়ে দিল বাস। জানি বিচার পাব না। বিচার হবে না।’
জাকির হোসেন বলেন, নতুন স্কুলের জন্য নতুন পোশাক কিনে দেওয়ার বায়না ধরেছিল সোনালি। তিনি বলেন, ‘সকাল আটটায় ঘর থেকে বের হওয়ার পর সোনালিকে বলেছিলাম বিকেলে পোশাকের কাপড় কিনতে যাব। নতুন কাপড় কিনলাম ঠিকই, কাফনের কাপড়।’

সোনালির সহপাঠী ফারজানা কবিতা প্রথম আলোকে বলে, ‘শুধু পড়াশোনায় নয়; গান, সেলাই, খেলাধুলায় সোনালি প্রথম হতো। সেলাই স্কুলে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে একটি সেলাই মেশিন পেয়েছিল।’
সোনালির মৃত্যুর পর খবর শুনে তাঁর সহপাঠীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসচালককে গ্রেপ্তার ও ঘটনার বিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন।
কিন্তু ওই ঘটনায় আট ঘণ্টা পরই শাহবাগে আরেক বাসের চাপায় প্রাণ হারায় খাদিজা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া চারটার দিকে শাহবাগ মোড়ে রাস্তা পেরোনোর সময় ৭ নম্বর রুটের (গাবতলী-সদরঘাট) একটি বাস তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ কনস্টেবল সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ১০-১২ বছরের একটি মেয়ে একটি বড় মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ করে একটি বাস এসে মেয়েটিকে চাপা দেয়। পরে জনতা বাসচালক শাহিন হোসেনকে (২২) ধরে পুলিশে দেয়।
খাদিজা কুমিল্লার মনোহরগঞ্জের মানদুরা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে। মনোহরগঞ্জের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মণপুর ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি।
খাদিজার ভগ্নিপতি ওমর ফারুক বলেন, শনিবার সকালে স্ত্রী, তাঁর শিশুসন্তান ও খাদিজাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। শ্যামপুর বালুরমাঠ এলাকার বাসা থেকে বেরিয়ে নগরের বিভিন্ন স্থানে ঘুরে শিশুপার্কে গিয়েছিলেন তারা। সেখান থেকে রাস্তা পেরিয়ে শাহবাগে খেতে যাচ্ছিলেন।
কীভাবে দুর্ঘটনা ঘটল, জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘আমার সঙ্গে আমার ছেলে ছিল। পেছন পেছন দুই বোন হাত ধরাধরি করে পার হচ্ছিল। আমরা পার হয়ে যাই, কিন্তু তারা পার হওয়ার সময় খাদিজা ছুটে যায় এবং সায়েন্স ল্যাবরেটরির দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সকালে মৎস্য ভবনের সামনের ঘটনায় বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। না পাওয়া গেলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বিকেলের দুর্ঘটনার জন্য দায়ী চালক শাহিন হোসেন থানায় আছে। দুটি ঘটনাতেই মামলা হচ্ছে।