বেপরোয়া মোটরসাইকেল প্রাণ গেল নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফেলিজান বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাঁপুর গ্রামের মৃত লাবু সরদারের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ফেলিজান মাঠে ধানের চারা ওঠানোর কাজে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ভবানীগঞ্জ-দ্বীপপুর সড়কের খাঁপুর মোড়ের অদূরে দ্বীপপুর গ্রামের আমিনুল ইসলামের বেপরোয়া মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তা পাশের একটি গাছে ধাক্কা খান। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লোকজন এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ২০-২৫ জন বলেন, আমিনুল ইসলাম (২৫) দ্বীপপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি সব সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। তাঁর বিরুদ্ধে এলাকায় বখাটেপনার একাধিক অভিযোগ রয়েছে।
দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে নিহত ফেলিজানের স্বামী বা কোনো আত্মীয় না থাকায় কেউ অভিযোগ করেনি।
জানতে চাইলে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নিহত ফেলিজানের পক্ষে কেউ অভিযোগ করেনি। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।