বেপরোয়া ট্রাক, আহত পুলিশ হত্যাচেষ্টার মামলা
বেপরোয়া গতির ট্রাকটি প্রথমে একটি চায়ের দোকানে হামলে পড়ে। চালকসহ ট্রাকটি আটক করতে ধাওয়া করতে গিয়ে দুমড়েমুচড়ে যায় পুলিশের একটি গাড়ি। আহত হন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এরপর বেপরোয়া ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যায় একটি ট্যাক্সি ক্যাব ও সিএনজিচালিত একটি অটোরিকশা। পরে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে।
গত বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মো. মাহবুবকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক কাউসার মিয়া ও সহকারী আফজাল হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে।
এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে মামলা নেওয়া যাবে না। ইতিমধ্যে ৩০২ ধারায় দুর্ঘটনার যেসব মামলা নেওয়া হয়েছে, তা-ও প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার পঞ্চবটী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ঢাকাগামী দুটি ট্রাক পাল্লা দিয়ে চলতে থাকে। একপর্যায়ে একটি ট্রাক সড়কের পাশে অর্জুনের চায়ের দোকানে হামলে পড়ে। এতে লন্ডভন্ড হয়ে যায় দোকানটি। এ সময় পুলিশের টহল দল ধাওয়া দিলে ট্রাকটি হঠাৎ থামায়। এতে পেছনে থাকা পুলিশের গাড়ি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এরপর চালক আবার বেপরোয়া গতিতে ট্রাকটি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে রাস্তার পাশে থামানো একটি ট্যাক্সি ক্যাব ও একটি অটোরিকশাকে চাপা দিলে দুটি যানই দুমড়েমুচড়ে যায়।
এসআই ওয়াহিদুজ্জামান জানান, পরে পুলিশের আরেকটি দল আলীগঞ্জ এলাকায় পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে ট্রাকটি থামায়। গ্রেপ্তার করে চালক কাউসার ও তাঁর সহকারীকে। কাউসারকে শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, কাউসার নেশাগ্রস্ত।
থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ট্রাকচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে দুটি মামলা করেন এসআই ওয়াহিদুজ্জামান ও ক্ষতিগ্রস্ত ট্যাক্সি ক্যাবের চালক লাল মিয়া। দণ্ডবিধির ২৭৯, ৩০৭, ৩৩৮(ক) ও ৪২৭ ধারায় দায়ের করে দুটি মামলায় হত্যার চেষ্টা ও ক্ষতি করার অভিযোগ আনা হয়। দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।