বেপরোয়া ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ
সিএনজিচালিত অটোরিকশাহীন মহাসড়কের দ্বিতীয় দিন গতকাল রোববার রাস্তা ছিল ফাঁকা। এই ফাঁকা রাস্তায় বেপরোয়া একটি ট্রাক কেড়ে নিয়েছে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) প্রাণ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই ট্রাকটিও পুড়িয়ে দেয় তারা। এ ছাড়া তারা ট্রাকচালক আবদুল হান্নানকে আটক করে পুলিশে দিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আটক ট্রাকচালক আবদুল হান্নানের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি গ্রামে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা দেড়টার দিকে ওষুধ কেনার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক দিয়ে বের হন ওই বৃদ্ধ। রাস্তার অপর পাশের ওষুধের দোকানে যাওয়ার জন্য তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির খালি একটি ট্রাক ওই বৃদ্ধকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।