বেপরোয়া বিচ বাইকচালকেরা পর্যটকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ইনানী সৈকতে বেপরোয়া হয়ে উঠেছেন িবচ বাইকচালকেরা। আধা কিলোমিটারের সৈকতে নিয়মিত দাপিয়ে বেড়াচ্ছে কমপক্ষে ২০টি বিচ বাইক। ফলে দুর্ভোগে পড়ছেন পর্যটকেরা। অনেকে অতিষ্ঠ হয়ে দ্রুত ফিরে যাচ্ছেন। এ ছাড়া প্রতিবেশ সংকটাপন্ন এই সৈকতে বিচ বাইক চলাচলের কারণে লাল কাঁকড়া, শামুক-ঝিনুকসহ নানা সামুদ্রিক প্রাণীর মৃত্যু হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে সৈকতে গিয়ে দেখা গেছে, সমুদ্রসৈকতে ঢোকার মুখে বিপত্তিতে পড়ছেন পর্যটকেরা। পাড়ি দিতে হচ্ছে সৈকতের মাঝখানে সৃষ্টি হওয়া ছোট একটি খাল। যেখানে হাঁটু পানি জমে আছে। স্থানীয় কিছু লোক পানির ওপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য বালুভর্তি কিছু বস্তা ফেলে চলাচলের সুযোগ করে দিয়েছেন। বিনিময়ে পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে দুই থেকে পাঁচ টাকা। খাল পেরিয়ে সৈকতে পা দিতেই পর্যটকদের ঘিরে ধরে মোটরবাইকচালকদের দল। তাঁরা বাইকে চড়তে পর্যটকদের রীতিমতো বাধ্য করছেন। অন্যথায় পিছু নিয়ে হইচই করে নানা ধরনের কটুক্তি করছেন
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আসা পর্যটক সোহরাব হোসেন জানান, দুই বছর আগে ইনানী সৈকত ভ্রমণ করে আনন্দ পেয়েছিলাম। তখন সৈকত ছিল পরিষ্কার–পরিচ্ছন্ন। পর্যটকদের নিরাপত্তায় টহল দিত পুলিশ। আর এখন কিছুই নেই। পর্যটকেরা সৈকতে নামলে ১০ থেকে ১৫টা বিচ বাইক পিছু নেয়। বাইকে না চড়লে চালকেরা দুর্ব্যবহার করেন।’
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা স্কুলশিক্ষক সলিমুল হক জানান, ইনানী সৈকতের কথা শুনে স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে ভ্রমণে এসেছি। কিন্তু বখাটের উৎপাত আর বাইকের দৌড়ঝাঁপের কারণে সূর্যাস্ত না দেখে সৈকত থেকে ফিরে যাচ্ছি।
আরও কয়েকজন পর্যটক অভিযোগ করেন, এই সৈকতে পর্যটকদের জন্য চেইঞ্জিংরুম বা উন্নত শৌচাগারের ব্যবস্থা নেই। এ কারণে নারী শিশুদের সমস্যায় পড়তে হয়।
ইনানী সৈকত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছৈয়দ হোছন জানান, নানা চেষ্টা করেও এই সৈকতের উন্নয়ন করা যাচ্ছে না। সৈকতে নামার রাস্তা তৈরি ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য সৈকত এলাকায় প্রস্তাবিত বিপণিকেন্দ্র (মাশরুম মার্কেট) তৈরি করা গেলে সৈকতের সৌন্দর্য আরও বাড়ত।
তিনি দাবি করেন, এই সৈকতে বর্তমানে ১৪টি মোটরবাইক চলাচল করছে। এর ফলে বাইকে চড়ে পর্যটকেরা কম সময়ে সৈকত ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ইনানী সৈকতে বিচ বাইক চলাচলের অনুমতি চেয়ে কিছু লোক জেলা প্রশাসনে আবেদন করেছেন। কিন্তু এখনো কাউকে অনুমতি দেওয়া হয়নি। অবৈধ বিচ বাইক চলাচল বন্ধ ও বখাটের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি রহমান মাসুদ জানান, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রসৈকতে মোটরযান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। বিচ বাইক চলাচল করলে গভীর সমুদ্র থেকে সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপ, বালুচরে বিচরণরত লাল কাঁকড়া, শামুক-ঝিনুকের মৃত্যু হবে। ধ্বংস হবে জীববৈচিত্র্য।