বেপরোয়া গতিতে চলে যান, শঙ্কিত বেড়া পৌরবাসী
পাবনার বেড়া পৌর এলাকার সড়কগুলোতে ট্রাকসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় শঙ্কিত এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় অভিভাবকেরা থাকেন আতঙ্কে। খোঁজ নিয়ে জানা গেছে, গত সাড়ে তিন মাসে পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন পথচারী নিহত হয়েছে। গত ২৩ নভেম্বর পৌর এলাকার পায়না নামক স্থানে দীলিপ হালদার (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নছিমন চাপায় নিহত হন। ৮ ডিসেম্বর হাতিগাড়া মহল্লার রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় নূরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। ৩১ জানুয়ারি পাম্পস্টেশন-সংলগ্ন সেতুর কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় আলমাস (৬) নামের এক শিশু। এ ছাড়া কয়েক বছর ধরে ট্রাক ও নছিমনসহ বিভিন্ন যানবাহনের ধাক্কায় পথচারীদের আহত হওয়ার ঘটনা নিয়মিত ঘটে চলেছে। জানা গেছে, পৌর এলাকার রাস্তাগুলোতে সবচেয়ে বেপরোয়া গতিতে চলাচল করে নছিমন ও মাটি বহনকারী স্থানীয় ট্রাক। এর মধ্যে মাটিবহনকারী ট্রাকগুলো পৌরবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ট্রিপ পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে বলে এসব ট্রাক চলে অনেকটাই অনিয়ন্ত্রিত গতিতে।বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বলেন, ‘বাচ্চারা স্কুলে আসা-যাওয়ার জন্য রাস্তায় বের হলে আতঙ্কে থাকি। ট্রাকগুলো দানবের মতো এত দ্রুত গতিতে ছোটাছুটি করে যে, মনে হয় এই বুঝি কিছু ঘটল। একদিন তো অল্পের জন্য বেঁচেছি।’ বেড়া মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘বছর দুয়েক আগে কলেজের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ছুটে এসে কলেজের পিয়ন আনসার আলীকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। ওই দিন আমিসহ কলেজের ১০-১২ জন ছাত্রী ট্রাকচাপার হাত থেকে কোনোরকমে বেঁচে যাই।’ বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, বেপরোয়া গতিতে যানবাহন যাতে চলাচল না করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ট্রাক আটকসহ বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে বসে সচেতনতামূলক বৈঠক করা হয়েছে। পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও কয়েকটি ট্রাকের মালিক রইস উদ্দিন বলেন, ট্রাকচালক ও হেলপারদের অব্যাহতভাবে সতর্ক করা হচ্ছে। তাদের সচেতন করতে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।