বেপরোয়া গতিতে যেতে যেতে হঠাৎ ব্রেক, এরপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল উল্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শহরের ষষ্ঠীতলার মিশন রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহান (১৮) বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোহান এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে সোহান শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ষষ্ঠীতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। মিশন রোড এলাকায় এসে সামনে একটি অটোরিকশা ও একটি বড় গরু দেখতে পান। তখন তিনি হঠাৎ মোটরসাইকেলের ব্রেক চেপে ধরেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তাঁর মাথার ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহান মারা যান।

দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, সোহানের লাশ দিনাজপুরের এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।