বেপরোয়া গাড়ি চালানোয় নারীসহ দুজন আটক, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেওয়ায় নারীসহ দুজনকে আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুজনকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সাভারের হেয়ামেতপুরের ব্যবসায়ী সানোয়ার হোসেন (৩২) ও গৃহিণী জান্নাতুল ফেরদৌস (২৬)।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর জান্নাতুল ফেরদৌস মদ্যপ অবস্থায় ক্যাম্পাসে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় সানোয়ার হোসেন তাঁর পাশের আসনে বসে ছিলেন। রাত নয়টার দিকে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার পাশের রাস্তায় গাড়িটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাঁদের পরিচয় জানতে চাইলে জান্নাতুল ও সানোয়ার তাঁদের ওপর চড়াও হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা সেখানে গিয়ে তাঁদের আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুদীপ্ত শাহীন বলেন, দুজনকে পুলিশে সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।